পোশাক কারখানায় রপ্তানি পণ্য তৈরির পর কাভার্ড ভ্যানে চট্টগ্রামের কনটেইনার ডিপোগুলোতে পাঠিয়ে দিয়েছেন রপ্তানিকারকেরা। ডিপোতেই এখন গড়াগড়ি খাচ্ছে কোটি কোটি ডলারের রপ্তানি পণ্য। কোনো কারখানার পণ্য হয়তো ডিপোর শেডে, কোনোটির কনটেইনারে, কোনোটির পণ্য ডিপোর সামনে গাড়িতেই পড়ে আছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন কনটেইনারে পণ্য রপ্তানি হলেও সংকট কাটছে না। কারণ, যে পরিমাণ পণ্য রপ্তানি হচ্ছে, তার চেয়ে বেশি পণ্য প্রস্তুত হচ্ছে। রপ্তানি বাড়তে থাকায় সংকটও বাড়ছে। এর প্রধান কারণ, রপ্তানি পণ্য পরিবহনে কনটেইনার সংকট ও জাহাজে চাহিদা অনুযায়ী কনটেইনার পরিবহনের বুকিং না মেলা। তাতে চট্টগ্রামের ডিপোতে আটকে থাকা রপ্তানি পণ্য কবে বিদেশি ক্রেতার হাতে পৌঁছাবে, তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না রপ্তানিকারকদের।






