বাজেট মধ্যবিত্তের ওপর চাপ বাড়াল

আগামী ২০২১–২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মধ্যবিত্তের ওপর চাপ বাড়াল। কারণ, এতে আয়করে যেমন ছাড় নেই, তেমনি এই করোনাকালেও স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কর ছাড় মিলবে না। ফলমূল আমদানিতেও কর বাড়ানো হয়েছে। ফলে করোনার সময়ে ভিটামিনযুক্ত মাল্টা, আপেল, কমলা—এসব বিদেশি ফল খাওয়ার খরচ বাড়বে। এর ওপর কম দামি ফোনে বাড়তি কর বসানো হয়েছে। সব মিলিয়ে মধ্যবিত্ত শ্রেণিকে ভোগান্তির মধ্যেই থাকতে হবে।

করোনার প্রভাবে সাধারণ করদাতাদের অনেকের আয় কমেছে, কিন্তু সংসারের খরচ তেমন একটা কমেনি। পরিস্থিতি বিবেচনায় তাঁদের সুবিধা দিতে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। তা আগের মতোই তিন লাখ টাকা রাখা হয়েছে। ফলে গত জুলাই থেকে এ বছরের জুন মাস পর্যন্ত যাঁদের তিন লাখ টাকার বেশি আয় হবে, তাঁদের কর পরিশোধ করতে হবে।