বনাঞ্চল বিনষ্ট করা ও বন্য প্রাণী শিকারের ফলে প্রাণী ও তাদের বহন করা জীবাণু ক্রমাগতভাবে মানুষ ও গবাদিপশুর সংস্পর্শে চলে আসছে

মহামারি সৃষ্টির মূল কারণ প্রকৃতি ধ্বংসের বিষয়টিকেই উপেক্ষা করা হচ্ছে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। তাঁরা বলছেন, বিশ্বনেতারা ভবিষ্যৎ মহামারি রোধে সাশ্রয়ী ও কার্যকরী কৌশলকে অবহেলা করে চলেছেন। বিশ্বনেতাদের পদক্ষেপের কোথাও প্রকৃতি রক্ষার বিষয়টিকে ঠিকভাবে রাখা হচ্ছে না।

দ্য গার্ডিয়ান-এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গবেষকেরা বলছেন, বনাঞ্চল বিনষ্ট করা ও বন্য প্রাণী শিকারের ফলে প্রাণী ও তাদের বহন করা জীবাণু ক্রমাগতভাবে মানুষ ও গবাদিপশুর সংস্পর্শে চলে আসছে। নতুন সংক্রামক রোগের প্রায় ৭০ শতাংশ বিভিন্ন প্রাণী থেকে উৎপত্তি হচ্ছে। এর মধ্যে রয়েছে কোভিড-১৯, সার্স, বার্ড ফ্লু, ইবোলা, এইচআইভি প্রভৃতি।