বাঁধ আবার নতুন করে ভেঙে গেছে

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের পবনা এলাকার বেড়িবাঁধ ভেঙেছিল ২০০৯ সালের ২৫ মে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায়। প্রায় তিন বছর সাগরের লোনাপানিতে আবদ্ধ ছিল কয়েকটি গ্রামের মানুষ। এক যুগ পর গতকাল বুধবার দুপুরের জোয়ারের পানিতে সেই একই জায়গা আবার ভেঙেছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহায়তায় আজ বৃহস্পতিবার ভোর থেকে চেষ্টা করেও পানি আটকাতে পারেননি এলাকাবাসী।

অন্যদিকে বুধবার দুপুরের জোয়ারের পানিতে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় যে বাঁধ ভেঙে গিয়েছিল, তা রাতেই সংস্কার করা হয়। কিন্তু দুপুরের জোয়ারের পানিতে তা আবার ভেঙে গেছে। একইভাবে মহারাজপুর ইউনিয়নের দশালিয়া, মঠবাড়ি এলাকার বাঁধ আবার নতুন করে ভেঙে গেছে।

কয়রা উপজেলা প্রশাসন বলছে, বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানি ও বাঁধ ভেঙে যাওয়ার কারণে কয়েকটি ইউনিয়নের ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছের ঘেরের। ২ হাজার ৫০০ একর মাছের ঘের পানিতে তলিয়ে আছে।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন বলেন, জোয়ারের পানিতে বৃহস্পতিবার আরও কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে ২৫ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।