জয়ের জন্য ২৬০ রান দরকার

পাল্লেকেলেতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খারাপ খেলছে না মোটেও। যে উইকেটে স্বাগতিক দল খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৯৪ রান তুলেছে, যে উইকেটে স্পিনারদের বল মাঝেমধ্যেই ফণা তুলছে, সে উইকেটে ৪৩৭ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ‘মাত্র’ ৫ উইকেট হারিয়েই তুলেছে ১৭৭ রান। ‘মোরাল ভিক্টরি’ বলে যদি কিছু থেকে থাকে, সেটা তো পেয়েই গেছে বাংলাদেশ।

‘মোরাল ভিক্টরি’র সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষ্য হলো, ‘মন জিতে নেওয়া’। সেদিক থেকে বাংলাদেশ তাহলে মন জিতে নিয়েছে আজ। এখনো জয়ের জন্য ২৬০ রান দরকার ঠিকই; সে রান পঞ্চম দিনে বাংলাদেশ তুলে নিতে পারবে, এমন আশা করার লোক খুঁজে পাওয়া দুষ্কর ঠিকই, তবু চতুর্থ দিন থেকেও চাইলে ইতিবাচক কিছু খুঁজে নেওয়া যায়।