দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি

শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকেরা। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলই থাকছে দ্বিতীয় টেস্টের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর আগামীকাল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি।

২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে ২১ সদস্যের দল ছোট করে আনা হয় ১৫ সদস্যে। খালেদ আহমেদ, শুভাগত হোম, নাঈম হাসান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নুরুল হাসানের মূল দলে জায়গা হয়নি। দ্বিতীয় টেস্টের দল থেকেও এই ছয় ক্রিকেটারকে বাইরে রেখেছেন নির্বাচকেরা। তবে দলের সঙ্গে অনুশীলন করছেন প্রত্যেকেই।