ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১২ স্মার্টফোনের যন্ত্রাংশের পেছনে অ্যাপলের ব্যয় আনুমানিক ৪০৬ ডলার। অথচ সেগুলোর প্রতিটি বিক্রি করা হয় ৯৯৯ ডলার দরে। ব্যবধানের পুরোটাই তো আর অ্যাপলের মুনাফা নয়। এখানে গবেষণার ব্যয় আছে, বিপণনের ব্যয় আছে, সফটওয়্যার তৈরির খরচ আছে, সার্বিকভাবে প্রতিষ্ঠান পরিচালনায় অ্যাপলের যত খরচ, তার সবটাই পণ্যের দামে অন্তর্ভুক্ত থাকে। তবে আইফোনের বেশি মূল্যের পেছনে যে পাঁচটি কারণ মুখ্য, সেগুলো এখানে দেওয়া হলো।
সম্ভাব্য ক্রেতা নির্বাচনে অ্যাপলের লক্ষ্য কেবল উচ্চবিত্তরা, তা বলার সুযোগ নেই। তবে অ্যাপলের তৈরি পণ্যে একটা ‘প্রিমিয়াম’ ভাব আছে। যিনি আইফোনের মতো অ্যাপলের পণ্য ব্যবহার করেন, তিনি ওই জীবনধারায় অংশ নেওয়ার সুযোগ পান। এখন সবাই যদি প্রিমিয়াম ব্র্যান্ড ব্যবহার করেন, তবে ‘অনন্য’ শব্দটি ব্যবহারের সুযোগ আর থাকল কই! অ্যাপলের পণ্যগুলোর দাম বেশি হওয়ার সেটি অন্যতম কারণ। এমনকি অ্যাপলের তুলনামূলক কম দামের আইফোন এসই বাজারে আসার সময় সেটির দামও ৫০ হাজার টাকার কম ছিল না।






