সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দিয়ে ভারত থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে শত শত ট্রাক ঢুকছে বাংলাদেশে। এসব ট্রাকের চালক ও তাঁদের সহকারীরা (হেলপার) স্বাস্থ্যবিধি না মেনে যথেচ্ছ ঘোরাঘুরি করায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ নিয়ে প্রশাসনের উদাসীনতায় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন।
জানা গেছে, দেশের অন্যান্য বন্দরের মতো আজ সোমবার থেকে ১৪ দিনের জন্য ভোমরা স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারত থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে তিন শতাধিক ট্রাক ঢুকছে বাংলাদেশে। এসব ট্রাক প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজের (জীবাণুনাশ) ব্যবস্থা নেই। এমনকি ট্রাকের চালক ও সহকারীদের কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এসে ট্রাকচালকেরা অবাধে যত্রতত্র ঘুরছেন। খাওয়াদাওয়া করছেন স্থানীয় হোটেলগুলোতে।






