দেশের শিল্পকারখানার শ্রমিকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে

করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় লকডাউনের মতো বিধিনিষেধ আরোপ করায় দেশের শিল্পকারখানার শ্রমিকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন। তাঁরা এখন চাকরি হারানো ও স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছেন। সরকারের প্রণোদনা কর্মসূচিতেও তাঁরা উপেক্ষিত।

গতকাল শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কোভিডকালীন সময়ে শ্রমবাজার পুনরুদ্ধার: ট্রেড ইউনিয়নের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে ট্রেড ইউনিয়ন নেতারা এসব কথা বলেন।

সংলাপে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জোর দেন। তিনি বলেন, কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পর্যাপ্ত সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের আনা–নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা উচিত। কারখানায় নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের বাসার পরিবেশ কতটা নিরাপদ আছে, তা–ও দেখতে হবে। এই মুহূর্তে এসব জরুরি।

বিশিষ্ট এই অর্থনীতিবিদের মতে, কারখানা ব্যবস্থাপনা ও শ্রমিকের বাসস্থান নিয়ে শ্রমিক ইউনিয়নগুলো কাজ করতে পারে। কোভিডকালে এসব নিয়ে খুব বেশি আলোচনা দেখা যায়নি। করোনার সময়ে ট্রেড ইউনিয়নগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে না।