মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে যোগ দিচ্ছেন। ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এটাই হবে জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর। আসন্ন আসিয়ান সম্মেলনে মিয়ানমারের পক্ষে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের অংশ নেওয়ার খবর জানিয়েছে জোটের আরেক সদস্যদেশ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাঙ্গরাত আজ শনিবার রয়টার্সকে বলেন, জাকার্তায় আসিয়ান সম্মেলনে জোটের ১০ দেশের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এর মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং রয়েছেন।
তবে এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।






