সংগীত পরিচালক ফরিদ আহমেদকে লাইফ সাপোর্টে

করোনায় আক্রান্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ রোববার ভোর থেকে তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সংগীত পরিচালকের বড় মেয়ে দুর্দানা ফরিদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ফরিদ আহমেদের শারীরিক অবস্থা গতকাল শনিবার সন্ধ্যা থেকে অবনতি হতে থাকে। এরপর চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলেন। অনেক কাঠখড় পুড়িয়ে রাত ১২টার পর একটি বেসরকারি হাসপাতালে তাঁর আইসিইউয়ের ব্যবস্থা হয়। কিন্তু ভোরবেলা পরিবারকে জানানো হয়, ফরিদ আহমেদকে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দিতে হবে। পরিবারের অনুমতি নিয়ে ভোররাত চারটায় তাঁকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।