করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কুমিল্লা জেলায় এক দিনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৫৭ ও ২৮ বছরের দুজন পুরুষ ও ৪০ বছরের এক নারী আছেন। এ ছাড়া চান্দিনা উপজেলায় ৮৫ বছরের একজন পুরুষ ও ৩২ বছরের এক নারী মারা গেছেন। এ নিয়ে গত আট দিনে জেলায় করোনায় মারা গেছেন ২৩ জন।
মারা যাওয়া পাঁচজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে কুমিল্লায় আজ বৃহস্পতিবার ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৫৭ জন, চৌদ্দগ্রামে ৮ জন, বুড়িচংয়ে ৪ জন, মুরাদনগর ও আদর্শ সদরে ৩ জন করে, চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় ২ জন, লালমাই, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ উপজেলায় ১ জন করে। এদিন কোনো রোগী সুস্থ হননি।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় ১ এপ্রিল থেকে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যন্ত আট দিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৮৫ জন। তাঁদের মধ্যে কুমিল্লা শহরে ৩৯১ জন। বাকি ১৮৪ জন রোগী কুমিল্লার ১৭ উপজেলার। এ ছাড়া গত আট দিনে এই জেলায় করোনায় মারা গেছেন ২৩ জন। তাঁদের মধ্যে শহরে ১৩ জন।






