বাংলাদেশের মেয়েদের ‘ইমার্জিং’ দল

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে দুজনই বড় তারকা। অভিজ্ঞ ক্রিকেটার তো বটেই। রুমানা আহমেদ নারী ওয়ানডে দলের অধিনায়ক, সালমা খাতুন টি-টোয়েন্টি দলের। অথচ তারাই কিনা খেলছেন নারী উদীয়মান দলে!

সালমা, রুমানাই শুধু নন; বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ৫০ ওভারের ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী ইমার্জিং দলে খেলছেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা-তুল-কুবরা, রিতু মনিরাও। এরপর কি আর উদীয়মান থাকে দলটা? এই দল নিয়েই দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে পরশু প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশের মেয়েদের ‘ইমার্জিং’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সব দেশের ইমার্জিং দলেই অন্তত তিনজন অনূর্ধ্ব-২৩–এর বেশি বয়সী ক্রিকেটার থাকেন। দক্ষিণ আফ্রিকার দলটিতেও অভিজ্ঞ ক্রিকেটার আছেন কয়েকজন। তবে বাংলাদেশ এদিক দিয়ে ব্যতিক্রমই। উদীয়মানদের দলের প্রায় পুরো একাদশই যে গঠন করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে! পরশু প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ইমার্জিং দলে মাত্র দুজন ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সালমা, রুমানা, জাহানারাসহ বাকিরা জাতীয় দলেরই প্রতিনিধি।