ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় গতকাল শনিবার গুয়াইদো নিজেই করোনায় সংক্রমিত হওয়ার কথা জানান। হালকা উপসর্গ আছে বলে তিনি জানিয়েছেন। গুয়াইদো টুইটে জানান, তিনি বর্তমানে আইসোলেশনে আছেন।
গুয়াইদো ভেনেজুয়েলায় করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘মহামারি চলাকালে ভুক্তভোগী ভেনেজুয়েলাবাসীর সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করতে চাই।’
ভেনেজুয়েলা সরকার করোনার সাত লাখ ডোজ টিকা হাতে পেয়েছে। তার মধ্যে পাঁচ লাখ ডোজ চীনের সিনোফার্মার টিকা। বাকি টিকা রাশিয়ার ‘স্পুতনিক–ভি’।
ভেনেজুয়েলার বিরোধী নেতারা পৃথকভাবে করোনার টিকা আনার জন্য দেনদরবার করছেন। তাঁরা যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া ভেনেজুয়েলার অর্থ ব্যবহার করে কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে করোনার টিকা কিনতে চান।






