ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মশাল মিছিলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের ওপর। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারসহ বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন।
এ ধরনের হামলার পর ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছিল। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ বলেন, ৯টি ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের ব্যানারে সন্ধ্যা ৬টার দিকে টিএসসি থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাকিম চত্বরের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতি চিরন্তনের দিকে যায়। স্মৃতি চিরন্তনের উল্টো দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন। মিছিলের শেষ পর্যায়ে আনুমানিক রাত ৮টার দিকে অতর্কিতে তাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়।






