ভারতের প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদ চলছেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটের বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটানোর চেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাতের চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাঁদের সিলেট কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।