ট্রেন্ট বোল্ট সুইং করাবেন। দলে থাকলে টিম সাউদিও তাই করতেন। কিন্তু নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ভাবলো, যদি ডানেডিনের উইকেট সিম মুভমেন্ট থাকে?
তাই সাউদি গেলেন বিশ্রামে। খেললেন ম্যাট হেনরি। যার মূল দক্ষতা সুইং নয়, সিম মুভমেন্ট। আর দীর্ঘদেহী কাইল জেমিসনের বাউন্স তো আছেই। দরকার হলে জিমি নিশামও হাত ঘোরাবেন। ক্রস সিমে বল ফেলে আদায় করে নিবেন ছোট ছোট মুভমেন্ট, বাড়তি বাউন্স।
চ্যালেঞ্জটা যে নতুন বলেই ছিল, সেটা টসের সময় দুই অধিনায়ক টম ল্যাথাম ও তামিম ইকবালের কথায়ও পরিস্কার। দুজনই চাইছিলেন আগে বোলিং করতে। দ্রুত কিছু উইকেট নিয়ে প্রতিপক্ষকে শুরুতেই বিপদে ফেলতে।
টস ভাগ্য ল্যাথামেরই ছিল ভালো। নিউজিল্যান্ড অধিনায়ক প্রত্যাশিতভাবেই বাংলাদেশকে পাঠান ব্যাটিংয়ে।
চ্যালেঞ্জটা এমনিতেই কঠিন ছিল। খেলা শুরুর এক ঘণ্টা আগে ডানেডিনের আকাশে মেঘ জমে কাজটা আরও কঠিন করে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। এমন কন্ডিশনে বোল্ট যে সুইং আদায় করে নেবেনই! তামিমকে করা ইনিংসের প্রথম বলেই সেই লক্ষন দেখালেন ওয়ানডে ক্রিকেটের এক নম্বর বোলার।
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে নিউজিল্যান্ড আজ এসব অস্ত্রই কাজে লাগিয়েছে। ফলাফল, ইউনিভার্সিটি ওভালের ছোট মাঠেও ৭৮ রান তুলতেই প্রথম ৬ উইকেট নেই বাংলাদেশের। এরপর ৪১.৫ ওভারেই অলআউট ১৩১রানে। সর্বোচ্চ ২৭ রান করেছেন মাহমুদউল্লাহ।






