নিরাপত্তা-শঙ্কায় ইউরোপের বেশ কিছু দেশ সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ব্যবহার স্থগিত করেছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেবেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা নিয়ে ইউরোপে শঙ্কার মধ্যে গতকাল বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।

নিরাপত্তা-শঙ্কায় ইউরোপের বেশ কিছু দেশ সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ব্যবহার স্থগিত করেছে। তবে এই টিকার নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্ন পার্লামেন্টে নাকচ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

বরিস জনসন আইনপ্রণেতাদের বলেন, তিনি অবশেষে টিকা পেতে যাচ্ছেন। শিগগিরই টিকা নেবেন তিনি।

নিজের টিকা নেওয়া প্রসঙ্গে বরিস জনসন বলেন, ‘এটি অবশ্যই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার হবে। এটাই আমি নেব।’

যুক্তরাজ্যে পরবর্তী ধাপে টিকা দেওয়ার জন্য যাঁদের ডাকা হবে, তাঁদের মধ্যে ৫৬ বছর বয়সী বরিস জনসন রয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি জানায়। আগামী জুলাই মাস নাগাদ যুক্তরাজ্যের কর্তৃপক্ষ দেশটির প্রাপ্তবয়স্ক সব মানুষকে টিকা দিতে চায় দেশটি।

যুক্তরাজ্যে গত বছরের ডিসেম্বরে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। দেশটিতে এখন পর্যন্ত ২৫ মিলিয়নের বেশি মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। তার মধ্যে ১১ মিলিয়ন মানুষ পেয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।