২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে ৪ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের জন্য ২২ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্যই বেশি। ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ, টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন, অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলমসহ জাতীয় দলের চেনামুখ নিয়েই সাজানো হয়েছে ইমার্জিং দল।
বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল খেলবে পাঁচটি এক দিনের ম্যাচ। ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ এসে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রথম তিন দিনে দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলে ১ এপ্রিল থেকে অনুশীলন করতে পারবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ৪ এপ্রিল প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল হবে সিরিজের বাকি ম্যাচগুলো।






