মঙ্গল গ্রহের পানি কোথাও হারিয়ে যায়নি বরং তা এর ভূপৃষ্ঠের গভীরে খনিজের মধ্যে আটকে রয়েছে

কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে ছিল হ্রদ ও সমুদ্র। কিন্তু সেই পানি কোথায় গেল? কেন মঙ্গল গ্রহ এখন শুষ্ক আর পাথুরে? বিষয়টি এখনো রহস্যই থেকে গেছে। তবে অনেকেই মনে করেন, মঙ্গল গ্রহের পানি মহাশূন্যে হারিয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নে করা এক গবেষণা অনুযায়ী, মঙ্গল গ্রহের পানি কোথাও হারিয়ে যায়নি বরং তা এর ভূপৃষ্ঠের গভীরে খনিজের মধ্যে আটকে রয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে। গবেষণা প্রবন্ধের প্রধান লেখক ইভা স্কেলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা বলছি যে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ পানিযুক্ত খনিজ দিয়ে গঠিত। যেসব খনিজ সেখানে আছে, তার ক্রিস্টাল গঠনে পানি রয়েছে।’

স্কেলারের মডেল অনুযায়ী, মঙ্গল গ্রহে ৩০ থেকে ৯৯ শতাংশ পানি এসব খনিজের মধ্যে আটকে রয়েছে।