যাঁরা কম ঘুমান, তাঁদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও স্থূলতার হারও বেশি

হৃদ্‌যন্ত্র ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম, সঠিক ওজন ও ধূমপানকে না বলার পাশাপাশি দৈনিক পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন। সুস্থ হৃদ্‌যন্ত্রের জন্য স্বাভাবিক হৃৎস্পন্দন (প্রতি মিনিটে ৬০-১০০ বার), স্বাভাবিক রক্তচাপ ও স্বাভাবিক দেহঘড়ি খুব গুরুত্বপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত পর্যাপ্ত ঘুমান, তাঁদের চেয়ে যাঁরা প্রতি রাতে ছয় ঘণ্টার কম ঘুমান, তাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ২০ শতাংশ বেশি। যাঁরা কম ঘুমান, তাঁদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও স্থূলতার হারও বেশি। সুতরাং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে স্বাভাবিক ও পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, হৃদ্‌যন্ত্রের সুস্থতায় একজন মানুষের দৈনিক ছয় থেকে আট ঘণ্টা, অর্থাৎ গড়ে সাত ঘণ্টা ঘুমানো উচিত।

হৃদ্‌যন্ত্রের ওপর ঘুমের প্রভাব

দৈনিক পর্যাপ্ত ঘুম না হলে আমাদের ক্ষুধা দমনকারী হরমোনগুলোর নিঃসরণ কমে যায়, যা ওজন বাড়িয়ে তুলতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাব হৃদ্‌যন্ত্রের ধমনিতে ক্যালসিয়াম জমতে ভূমিকা রাখে। ধমনিতে দীর্ঘদিন এভাবে ক্যালসিয়াম জমতে থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় জানা গেছে, প্রতি রাতে মাত্র এক ঘণ্টার কম ঘুমে ধমনিতে ক্যালসিয়াম জমার হার বাড়ে ৩৩ শতাংশ।

স্বাভাবিক ঘুমের সময় আমাদের রক্তচাপ দিনের তুলনায় গড়ে ১০ শতাংশ কম থাকে। পর্যাপ্ত ঘুমে রক্তচাপের এই স্বাভাবিক ছন্দ বজায় থাকে। ঘুমের সমস্যা হওয়ার অর্থ রক্তচাপ দীর্ঘ সময়ের জন্য বেশি থাকা। বাড়তি রক্তচাপ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।।