রেলওয়ের ট্রলিম্যানকে মারধর ও লাঞ্ছিত করেছে কুষ্টিয়া পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় ট্রেন দুর্ঘটনার পর কাজ করা অবস্থায় রেলওয়ের এক ট্রলিম্যানকে ধরে নিয়ে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ট্রলিম্যানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অভিযোগ উঠেছে কুষ্টিয়া পৌরসভার স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ খান রনি ও তাঁর লোকজনের বিরুদ্ধে। ওয়াহেদ খান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের ছেলে।

এ ব্যাপারে ট্রলিম্যানের ছেলে মাসুদ রানা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে রাতেই কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির প্রথম আলোকে বলেন, ‘একটি এজাহার পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্ত করতে দেওয়া হয়েছে। আজকের মধ্যে মামলা রজু করা হবে বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মেঝেতে শুয়ে আছেন ট্রলিম্যান শহিদুল ইসলাম (৫২)। তাঁর ভাষ্যমতে, তিনি মিলপাড়া এলাকায় রেলওয়ের কুষ্টিয়া উপসহকারী প্রকৌশলী কার্যালয়ে ট্রলিম্যান হিসেবে কর্মরত। গতকাল শুক্রবার দুপুরে মিলপাড়া এলাকায় ট্রেন দুর্ঘটনার পর থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিনি কাজ করছিলেন।