আর্জেন্টিনা বনাম ব্রাজিল। মেসি বনাম নেইমার। লাওতারো বনাম ফিরমিনো। কুতিনিও বনাম পারেদেস। লাতিন আমেরিকার এই দুই পরাশক্তি মুখোমুখি হওয়া মানেই যেন উত্তেজনা। ফুটবলীয় রোমাঞ্চ পেতে চাতক পাখির মতো অপেক্ষা করেন কোটি কোটি ফুটবলভক্ত। ম্যাচটাকে তো এমনি এমনি ‘সুপারক্ল্যাসিকো’ ডাকা হয় না!
এই মার্চেই এমন এক ‘সুপারক্ল্যাসিকো’র অপেক্ষায় ছিল বিশ্ব। লাতিন আমেরিকার দুর্দান্ত খেলোয়াড়েরা এই ম্যাচে খেলতে নেমে নিজেদের প্রতিভার ঝলক দেখাবেন, মুগ্ধ করবেন বিশ্বজোড়া দর্শকদের, এমনটাই আশা ছিল সবার মনে। কিন্তু যথারীতি এক বছর ধরে বৈশ্বিক যে সংকটের কারণে বিভিন্ন কাজকর্ম স্থবির হয়ে আছে, সে সংকট হানা দিয়েছে এই স্বপ্নের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচেও।
জানা গেছে, করোনা মহামারির মধ্যে ভ্রমণে বিধিনিষেধের কারণে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ইউরোপে খেলা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হতে পারে কনমেবলের দলগুলোকে। আর্জেন্টিনা জানিয়েছে, ইউরোপে খেলা খেলোয়াড়দের ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সমস্যা নেই তাদের। অর্থাৎ ইউরোপে খেলা মেসি-দিবালা-লাওতারোদের ছাড়াই ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার জন্য রাজি হয়ে গিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল ছাড়াও আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার কথা তাদের।
করোনার কারণে এমনিতেই এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করা অনেক ঝক্কি। গেলেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয় খেলোয়াড়দের। অর্থাৎ ক্লাবের কোনো খেলোয়াড় নিজের দেশে গিয়ে ম্যাচ খেলতে চাইলে সেখানেও কোয়ারেন্টিন বাবদ কিছুদিন নষ্ট হবে, একই ঝামেলা হবে দেশ থেকে ক্লাবে ফেরার পরও। ইউরোপীয় দেশগুলোয় এমনিতেই ভ্রমণে প্রচুর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের কারণে দেখা যাবে, নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানোর জন্য সেসব খেলোয়াড়কে পাবে না ক্লাবগুলো। ইউরোপে ফেরার পর ১০ দিন অন্তত খেলোয়াড়দের কোয়ারেন্টিনে থাকতে হবেই। তাই ক্লাবগুলো খেলোয়াড়দের দেশের ম্যাচ খেলার অনুমতি কেন দেবে?
গতকাল শুক্রবার কনমেবলের সদস্য ১০টি দেশের সভাপতি, কনমেবলের ও ফিফার সভাপতি মিলে একটি সভায় বসেছিলেন। সেখানেই আর্জেন্টিনা জানিয়েছে, ইউরোপভিত্তিক খেলোয়াড় বাদ দিয়ে খেলতে সমস্যায় নেই তাদের। ওদিকে ব্রাজিল এখনো নিজেদের সিদ্ধান্ত জানায়নি। তারা এই মাসে বাছাইপর্বের ম্যাচই খেলতে চাইছে না। দ্বিতীয় আরেকটি সভা হওয়ার কথা আছে আজকালের মধ্যেই। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, ফেডারেশনের সদস্যরা কী করবে না করবে।






