বলিউড শাহেনশাহর শরীর ভালো নেই। অস্ত্রোপচার দরকার। নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন। তবে তাঁর ঠিক কী হয়েছে? কী কারণে অস্ত্রোপচার? এ বিষয়ে নিজের ব্লগে স্পষ্ট করে কিছুই লেখেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর দেওয়ার পরে উদ্বিগ্ন ভক্তরা। অনলাইনে ভক্তরা এই অভিনেতার রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন।
অমিতাভ বচ্চন নিজের ব্লগে গতকাল শনিবার লিখেছেন, ‘মেডিকেল কন্ডিশন…সার্জারি…আর কিছুই লিখতে পারছি না।’ ৭৮ বছর বয়সী অভিনেতার এই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা টুইটারে অমিতাভ বচ্চনের জন্য প্রার্থনা শুরু করেন। তবে অস্ত্রোপচার হয়ে গেছে, নাকি হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখেননি অমিতাভ বচ্চন।






