ভাষার মাসে যাত্রা শুরু করল দেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার ‘দুরন্ত’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাভাষীদের জন্য আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ ব্রাউজারটি নিয়ে এল দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও রবি।
দুরন্ত হচ্ছে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশি ব্রাউজার, যেখানে বিশ্বের খ্যাতনামা সব ব্রাউজারের সেরা ফিচারগুলো পাওয়া যাবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রয়োজনীয় সেবার লিংক এই ব্রাউজারে খুঁজলেই পাওয়া যাবে। এর পাশাপাশি ‘দুরন্ত’-এ লাইভ টিভি, ভিডিও, অডিও, এফএম রেডিও, খেলাধুলা এবং তথ্য–বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে। ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডেটা ব্যবহার করে চালানো যায়, অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়। প্রচলিত অন্য সব ব্রাউজারের মতো এতেও আছে প্রাইভেট ব্রাউজিংয়ের সুবিধা, যাকে ইনকোগনিটো মোডও বলা হয়। এই মোড ব্যবহারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোনো থার্ড পার্টি নিতে পারবে না। দুরন্ত ব্যবহারকারীরা আরও পাবেন ইন-পেজ সার্চিং, অফলাইন ইউজ, অফলাইন ভিডিও/ইমেজ সেভ, ডেটা সেভিং ও শেয়ারিংয়ের সুবিধা।






