মঙ্গল গ্রহে অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কি না, তার অনুসন্ধান করতে গত সপ্তাহে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে নাসার পারসেভারেন্স নামের একটি মঙ্গলযান (রোভার)। মঙ্গলে নামার সেই দৃশ্যের প্রথম ভিডিও গতকাল সোমবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লাল গ্রহে অভিযানের একটি অডিও প্রকাশ করা হয়েছে। পারসেভারেন্সের ধারণ করা ওই অডিওতে ঝাপটা বাতাসের শব্দ ধরা পড়েছে।
মঙ্গলপৃষ্ঠে অবতরণের সময় রোভারের একটি মাইক্রোফোন কাজ করছিল না। কিন্তু লাল গ্রহে অবতরণের পর এটি অডিওটি ধারণ করতে সক্ষম হয়। নাসার প্রকৌশলীরা ৬০ সেকেন্ডের ওই অডিওটি চালিয়ে দেখেছেন। পারসেভারেন্সের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবস্থার প্রধান প্রকৌশলী ডেভ গ্রুয়েল বলেছেন, মাইক্রোফোনে ধারণ করা এবং পৃথিবীতে পাঠানো অডিওর ১০ সেকেন্ড মঙ্গলে ঝাপটা বাতাসের শব্দ শোনা গেছে।
মঙ্গল গ্রহ থেকে পাঠানো উচ্চমানের ভিডিও ক্লিপটিও তাক লাগানো। এটি ৩ মিনিট ২৫ সেকেন্ডের। ২১ দশমিক ৫ মিটার প্রস্থ লাল ও সাদা রঙের প্যারাসুটের সাহায্যে নাসার রোভারটির মঙ্গলপৃষ্ঠে নামার দৃশ্য ধরা পড়েছে ওই ভিডিওতে। রোভারের ভেতরে লাগানো ক্যামেরার সাহায্যে ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশের সময় পারসেভারেন্সকে সুরক্ষা দিতে তাপ প্রতিরোধক ঢাল ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলের সুরক্ষিত পর্যায়ে পৌঁছানোর পর রোভারটি থেকে ঢালটি আলাদা হয়ে পড়ে যায় এবং রোভারটি লাল গ্রহের বিষুবরেখার কিছুটা উত্তরে জেজারো খাদের ধুলা-আচ্ছন্ন এলাকায় অবতরণ করে।






