বিশ্বজুড়ে এখন ই-কমার্সের জয়জয়কার

বিশ্বজুড়ে এখন ডিজিটাল ব্যবসা বা ই-কমার্সের জয়জয়কার। কোভিড-১৯ আসার পর এই মাধ্যম ব্যবহার করে ঘরে বসেই পণ্য কিনেছেন মানুষ, এখনো কিনছেন। এতে বাজারে গিয়ে কেনাকাটার যেমন ঝক্কি কমছে, মানুষের সময়ও বাঁচছে।

এ সুবিধার বিপরীত চিত্রও আছে। পণ্য কেনার জন্য অগ্রিম টাকা দিয়েও ভোগান্তিতে পড়েন অনেকে। পণ্য পাচ্ছেন না, আবার টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। অনেক ডিজিটাল ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যকলাপ স্বচ্ছ নয় বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের জবাবদিহিও হয় না। সে জন্য এই সেবার অসুবিধার দিকগুলো বিবেচনায় নিয়ে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রণয়ন করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশিকার একটি খসড়া তৈরি করে মন্ত্রণালয় মতামতের জন্য গত সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষগুলোকে পাঠিয়েছে।খসড়ায় বলা হয়েছে, ক্রেতা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা নগদ—যেকোনো মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করলে এবং বিক্রেতা কোনো কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে মূল্য পরিশোধের সাত দিনের মধ্যে ক্রেতার পুরো টাকা ফেরত দিতে হবে। আর ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো চার্জ (মাশুল) লাগলে তা মার্কেটপ্লেস বা বিক্রেতাকে বহন করতে হবে। মূল্য ফেরতের বিষয়টি ক্রেতাকে ফোন, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে জানাতে হবে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট আদালতে মামলা করতে পারবেন ক্রেতা।