৪৬ বছর পেরিয়েছে বাংলাদেশের শিল্প–সংস্কৃতিচর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেজেছে বর্ণিল সাজে। আজ ও কাল—এই দুদিন নানা আয়োজনে মুখর থাকছে একাডেমি প্রাঙ্গণ।
আজ সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়েছে। বিকেল চারটায় ছিল একাডেমির সব বিভাগ ও শাখার কাজের সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন। জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নম্বর গ্যালারিতে চলবে এই প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় একাডেমির নন্দনমঞ্চে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।






