মিয়ানমারে ধর্মঘটে প্ররোচনার অভিযোগে ছয়জন তারকা ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সামরিক জান্তা। অভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ দমনে আনতে ধরপাকড় বাড়িয়ে দিয়েছে জান্তা সরকার। কিন্তু এসব উপেক্ষা করে দিন দিন রাজপথে বড় হচ্ছে বিক্ষোভ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল বুধবার রাতে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ছয়জন তারকাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। এই তারকাদের মধ্যে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, সংগীতশিল্প রয়েছেন।
সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে সরকারি কর্মকর্তাদের উৎসাহিত করার অভিযোগে প্ররোচনাবিরোধী আইনে এই পরোয়ানা জারি করা হয়েছে। ছয় তারকার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, বিচারে তা প্রমাণিত হলে তাঁদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
অভিনেতা লিউ মিন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের জনগণের ঐক্য দেখে বিমোহিত। জনগণের ক্ষমতা জনগণের কাছে অবশ্যই ফেরত আসবে।’
এদিকে সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতে বলছে জান্তা সরকার। তারা তা না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু এসব হুমকি-ধমকি সত্ত্বেও অনেকেই সামরিক শাসনবিরোধী ধর্মঘটে অংশ নিচ্ছেন। এতে অনেক সরকারি অফিস অচল হয়ে পড়েছে।
ধর্মঘটের পাশাপাশি দেশটিতে সেনাশাসনের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। ৬ ফেব্রুয়ারি থেকে এই বিক্ষোভ চলছে।






