অ্যান্ডারসন ৫ ওভারের এক স্পেলে তুলে নিয়েছেন ৩ উইকেট

অসাধারণ জেমস অ্যান্ডারসন। দুর্দান্ত এক স্পেলে চেন্নাই টেস্টের শেষ দিন ভারতকে কাঁপিয়ে দিয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলার। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ দিনে মধ্যাহ্নবিরতির আগেই আরও ৫ উইকেট হারিয়ে বসেছে বিরাট কোহলির দল। অ্যান্ডারসন ৫ ওভারের এক স্পেলে তুলে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে এক ওভারেই কোনো রান না দিয়ে তিনি ফেরান ভারতকে শুভমান গিল আর অজিঙ্কা রাহানেকে। এ প্রতিবেদন লেখার সময় ভারত ৬ উইকেটে ১৪৪ রান করে বিরতিতে গেছে। জয় থেকে এখনো ২৭৬ রান দূরে তারা।

ভারতের আশা হয়ে আছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি অপরাজিত আছেন ৫১ বলে ৪৫ রান করে। টপ অর্ডারের প্রায় সবাইকে হারিয়ে ফেলে কোহলির লড়াইটা হবে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে। তিনি ১৬ বলে ২ রানে অপরাজিত।অ্যান্ডারসন এখন পর্যন্ত ৭ ওভার বোলিং করে ৪ মেডেনে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। গিল আর রাহানে ছাড়াও ফিরিয়েছেন ঋষভ পন্তকে। বয়স যত বাড়ছে, অ্যান্ডারসন যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন। ১৮ বছরের ক্যারিয়ারের এই সময় যেন আরও ভয়ংকর। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখনো যেকোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন, চেন্নাইতে সেটিই আবার দেখিয়ে দিলেন।