রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ

ছোট্ট একটি পুলিশ ভ্যান। তার মধ্যেই গাদাগাদি করে দাঁড়ানো ১৭ জন মানুষ। সারা রাত তাঁদের এভাবেই দাঁড়িয়ে কাটাতে হয়েছে। কারণ, এ মুহূর্তে মস্কোর বন্দিশিবিরগুলো ভরা। সেখানে বন্দী রাখার কোনো জায়গা খালি নেই। ক্রেমলিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো ফিলিপ কুজনেতসোভের মতো অনেকের এই পরিণতি।

গত সপ্তাহে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ফিলিপ একজন। রোববার দেশটিতে আরও বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।গত বুধবার ফিলিপ পুলিশ ভ্যানের পেছন থেকে বিবিসিকে বলেন, ‘আমরা সারা রাত ঘুমাতে পারিনি। একজনকে সব সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, যাতে অন্যজন একটু জায়গা পেতে পারেন।’ তাঁদের যে পুলিশ ভ্যানে আটকে রাখা হয়েছে, সেটি পুরোনো আমলের চারপাশে লোহার বেড়া দেওয়া একটি গাড়ি।