ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ

মূল টেস্ট দলে চার স্পিনারের চারজনই ফিঙ্গার স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে তাই কোনো ফিঙ্গার স্পিনারই রাখেননি বিসিবি নির্বাচকেরা। রেখেছেন একজন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে। সেই রিশাদের লেগ স্পিন খেলতেই হিমশিম খেল সফরকারী দলের ব্যাটসম্যানরা।

আজ এম এ আজিজ স্টেডিয়ামের তিন দিনের ম্যাচের প্রথম দিনে রিশাদ একাই নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট টেস্ট দলের পেসার খালেদ আহমেদের। ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৫৭ রানে।

দিনের শেষ বেলায় বিসিবি একাদশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ ওভারে ২৪ রান তুলেছে। ১৫ রানে ব্যাট করে অপরাজিত আছেন সাইফ হাসান। আরেক ওপেনার সাদমান ইসলাম খেলছেন ৩ রানে।