ঢাকার রাস্তায় মৃত্যুফাঁদ

লাল-হলুদ টাইলস বসানো ফুটপাত প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী করে বানানো। কিন্তু ফুটপাতের মাঝে কিছু দূর পরপর রয়েছে মৃত্যুফাঁদ। রাজধানীর গুলশান এলাকার বিভিন্ন ফুটপাতে ৪০০টির মতো লোহার স্ল্যাব (আয়রন গ্রেটিংস) নেই। এমন পরিস্থিতিতে সুস্থ মানুষকেই চলাচলে বেগ পেতে হচ্ছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।

গুলশান ১ ও ২ নম্বর এলাকায় ১৪৪টি সড়ক রয়েছে। গতকাল শনিবার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ফুটপাতে একটু পরপর গভীর গর্ত। ফুটপাতের লোহার স্ল্যাব তুলে নেওয়াতে এমন পরিস্থিতি হয়েছে। লোকজন ফুটপাতের বদলে বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটছে। কোথাও গর্তের মধ্যে বাঁশ, লাঠি, গাছের ডালপালা দিয়ে লোকজনকে সতর্ক করা হয়েছে।

গতকাল বেলা একটার দিকে গুলশান ১-এর ১৩৪ ও ১৩৫ নম্বরের সংযোগস্থলে গিয়ে দেখা যায়, আবাসিক ভবনের পাশাপাশি দুটি সড়কে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও পার্টি সেন্টার রয়েছে। লোকজনের উপস্থিতিও অনেক। কিন্তু কেউ পারতপক্ষে ফুটপাত দিয়ে হাঁটছে না। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বেশ অনেক দিন ধরেই ফুটপাতের এমন অবস্থা। গর্তগুলো ভয়ানক। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।