রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শতাধিক ঝুপড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের ই ব্লকে এ ঘটনা ঘটেছে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তাবেষ্টনীতে নিয়োজিত ছিলেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টেকনাফ ও উখিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি দল ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।