মধ্যদুপুরে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আবাসিক ভবনের বেসমেন্টে মিষ্টি আর ফুলের সমারোহ। চারদিকে সেই মিষ্টি আর ফুলের ম–ম গন্ধ। কাল রাতে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবের রেশটাই আজ পাওয়া যাচ্ছিল সেখানে। এমন অবস্থায় চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজোনের মুখে কাচ্চি বিরিয়ানি, বোরহানি আর হাঁড়িভাঙা আমের গল্প।
দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন অস্কার ব্রুজোন। বসুন্ধরা কিংস, ব্রুজোন ও শিরোপা শব্দগুলো যেন বাংলাদেশের ফুটবলে সমার্থক হয়ে উঠেছে। ২০১৮ সালে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নাম লেখানোর পর থেকেই বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন। এখন পর্যন্ত ব্রুজোনের অধীনে একটি লিগসহ চারটি টুর্নামেন্ট খেলেছে করপোরেট ক্লাবটি। এর মধ্যে প্রথম ফেডারেশন কাপে রানার্সআপ। এরপর একটি লিগসহ টানা তিনটি টুর্নামেন্টে ব্রুজোনের হাত ধরে চ্যাম্পিয়ন বসুন্ধরা।






