নিকগঞ্জ সদর উপজেলার রাজনগর গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শনিরাম মালো (৩২) রাজনগর গ্রামের মৃত হরিদাস মালোর ছোট ছেলে। জেলা শহরের লক্ষ্মীমণ্ডপ এলাকার একটি মিষ্টির দোকানে কাজ করতেন শনিরাম।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজনগর গ্রামে বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে একটি খেতে শনিরামের রক্তাক্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মর্গের সামনে কথা হয় নিহত যুবকের চাচাতো ভাই মনোরঞ্জন মালোর সঙ্গে। তিনি বলেন, আগের দিন (মঙ্গলবার) রাত আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানে শনিরামের সঙ্গে তাঁর কথা হয়। পরে তিনি বাড়িতে চলে যান।
শনিরামের ভাতিজা বিকাশ মালো বলেন, রাত ১০ দিকে তাঁর চাচা (শনিরাম) রাতের খাবার না খেয়েই ঘরে ঘুমাতে যান। রাত দুইটার দিকে ঘরের দরজার বাইরে থেকে আটকানো (শিকল) ছিল। এ সময় তাঁর চাচা ঘরে ছিলেন না। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা ঘটনাস্থলে চাচার লাশ পড়ে থাকার খবর পান।






