করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বাড়তে থাকায় জার্মানিতে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ কমাতে গত ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল জার্মানি। কিন্তু গত তিন সপ্তাহ সংক্রমণ না কমায় লকডাউনের মেয়াদ বাড়ানোর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনের মেয়াদ বাড়ছে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এ নিয়ে আজ মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনলাইন বৈঠক করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনে আরও কঠোর বিধি জারি করা হবে।
এডিটোরিয়াল নেটওয়ার্ক জার্মানি (আরএনডি) জানিয়েছে, বর্তমানে জার্মানিতে যে লকডাউন চলছে, তাতে সংক্রমণ কমার ক্ষেত্রে তেমন প্রভাব পড়ছে না। বড়দিনের আগে জার্মানিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৫ হাজার ৭৪৪ জন করোনা রোগী ছিল। এখন রোগী সংখ্যা আরও ৫০০ জন বেড়েছে। দেশটিতে করোনায় মৃত্যুহারও বেড়েছে।






