জীবনে ৮০ বার টেস্ট খেলতে নেমেছিলেন। এর মধ্যে প্রতি তিন ইনিংসেই অন্তত একটা সেঞ্চুরি ছিল এই ব্যাটসম্যানের। এমন একজনের ব্যাটিং নিয়ে কটুকথা বলাটা সম্ভব নয়।
টেস্টে নিজের শেষ ইনিংসে ৪ রান নিতে পারেননি, তাই গড়টা ১০০ হয়নি ব্র্যাডম্যানের। একই কারণে টেস্টে সাত হাজার রানের মাইলফলকও ছোঁয়া হয়নি তাঁর। আজ যে মাইলফলকটা পেরিয়ে গেলেন কেন উইলিয়ামসন।
টেস্টে ৬৯৯৬ রানে থেমেছিলেন ডন। আজ ৭ হাজার থেকে ১১ রান দূরে ছিলেন উইলিয়ামসন। আগের দিনের ১১২ রানের সঙ্গে যখন ৮ রান যোগ হলো, তখনই নড়েচড়ে উঠলেন সবাই।
না, ৭ হাজারের মাইলফলক ছোঁয়া হবে এ নিয়ে উত্তেজনা নয়, যেভাবে ব্যাট করছিলেন, সেটা যে হচ্ছে এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন সবাই। এ উত্তেজনা উইলিয়ামসনের ব্র্যাডম্যানকে পেরিয়ে যাওয়ার।
এর আগে এ কীর্তি করেছেন আরও ৫২ জন। কিন্তু ব্র্যাডম্যান নামটার এমনই মোহ, আরও একবার তাঁকে জড়ানোর লোভ সামলাতে পারেননি কেউ।






