রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্যত্র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়েছে। হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের ব্যানারে ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।
কর্মচারীরা তাঁদের দাবি আদায়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের বদলির আদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।হাসপাতালের পরিচালক ছুটিতে রয়েছেন। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, চতুর্থ শ্রেণির ইউনিয়নের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র বদলির আদেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই আদেশে মশিউরকে পঞ্চগড় ও আশিকুরকে রাজশাহী হাসপাতালে বদলি দেখানো হয়েছে।






