ঋণখেলাপি ২০২০

বছরের শুরুতে সুদহার নিয়ে বিতর্ক, মার্চে করোনাভাইরাসের কারণে স্থবিরতা, এপ্রিলে কম সুদের প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও ঋণ পরিশোধ না করলেও খেলাপি না হওয়ার সুযোগ প্রদান। বছরের মাঝামাঝি সময়ে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটকে রেখে গুলি করার ঘটনা বড় বিতর্কের জন্ম দেয়। বছরজুড়ে আলোচনা ছিল এনআরবি গ্লোবাল ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার (পিকে) হালদারকে নিয়ে। গভর্নর ফজলে কবিরকে পদে রাখতে খোদ বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশে পরিবর্তনও ছিল আলোচনার বিষয়। আর শেষ দিকে এসে অতিরিক্ত ১ শতাংশ অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখার নির্দেশনা। এসবের মধ্য দিয়েই ২০২০ সাল পার করল দেশের ব্যাংক খাত। বছরটি কেমন কাটল জানতে চাইলে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরফান আলী প্রথম আলোকে বলেন, বছরের প্রথম দিকে সুদহার নিয়ে বড় চাপে ছিল ব্যাংক খাত। আর করোনার কারণে সেবা দেওয়াটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এরই মধ্যে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব এসে পড়ে। নতুন করে খেলাপি না হওয়ায় ব্যাংকগুলো একরকম স্বস্তিতে আছে, তবে অনাদায়ি ঋণের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর ১ শতাংশ অতিরিক্ত সঞ্চিতির সিদ্ধান্তটি ব্যাংকের ভিত্তি মজবুত করবে।

সুদের হার কমানো নিয়ে ২০১৯ সাল থেকে সরকার ও ব্যাংকমালিকদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। সিদ্ধান্তও হয়, যদিও ব্যাংকগুলো তা মানেনি। অবশেষে চলতি ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশে নির্দিষ্ট করে দেয় বাংলাদেশ ব্যাংক। সুদহার কমায় ব্যাংকগুলো ঋণ বিতরণ সীমিত করে ফেলে। আমানতের সুদও কমানো শুরু হয়। কোনো কোনো ব্যাংক আমানতের সুদহার কমিয়ে ৪-৫ শতাংশে নামিয়ে আনে। এতে বিপাকে পড়েন সাধারণ আমানতকারীরা।

এরপরও করোনাভাইরাসের মধ্যে ব্যাংকগুলোতে আমানত বাড়ে। ঋণ বিতরণ কমায় ব্যাংকে জমে যায় বিপুল অলস তারল্য। এতে ব্যাংকারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে।
করোনাভাইরাসের কারণে সরকার ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। তবে এই সময়ে ব্যাংক খোলা থাকায় গ্রাহকদের সেবা দিতে গিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন ব্যাংকাররা। করোনায় আক্রান্ত হয়ে মারা যান অনেক ব্যাংকার। করোনাকালে প্রায় সব ব্যাংকই ঘরে বসে হিসাব খোলাসহ নতুন নতুন ডিজিটাল সেবা নিয়ে আসে। চালু করে আরও বিভিন্ন ব্যাংকিং সেবা। এতে অনলাইনে লেনদেন বৃদ্ধি পায়।