ম্যাচ শেষে স্কোরলাইনটা হয়ে রইল দুই দলের বাস্তব অবস্থার সাক্ষী।
ফেডারেশন কাপে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ৬–১ গোলে বিধ্বস্ত হয়েছে সাইফ স্পোর্টিংয়ের কাছে। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল সাইফ। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাদার্স।
ভালো কোচ, জাতীয় দলের খেলোয়াড় ও ভালো মানের বিদেশি দলে ভিড়িয়ে স্বয়ংসম্পূর্ণ দল সাইফ স্পোর্টিং। অন্যদিকে বেঁধে দেওয়া সময়ের পর খেলোয়াড়দের নাম জমা দেওয়ায় ফেডারেশন কাপে খেলা নিয়ে শঙ্কায় পড়েছিল ব্রাদার্স। তাদের প্রস্তুতি ছিল না বললেই চলে।
সাইফের ফরোয়ার্ড লাইনের সামনে ব্রাদার্স রক্ষণভাগকে মনে হচ্ছিল বালুর বাঁধ। ইচ্ছা করলেই যেন গোল করা যায়!
নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচু কেনেথের জোড়া গোলের রাতে একটি করে গোল করেন ইয়াছিন আরাফাত, আরিফুর রহমান, মেরাজ হোসেন ও সাজ্জাদ হোসেন। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে ৪ গোল।






