কয়েক দিন আগে একজন ক্রেতা উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত সোনারগাঁও জনপথে অবস্থিত মি. মানিক ফুডস নামে একটি দোকানে খেতে যান। খাওয়া শেষে খাবারের বিলের সঙ্গে ভ্যাটের চালান চান। কিন্তু তাঁকে খাবারের বিলের কপি দেওয়া হয়। পরে ওই ক্রেতা ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ জানান।
ওই ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভ্যাট গোয়েন্দারা ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির সন্ধান পান। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ক্রেতাকে ভ্যাটের চালান না দিয়ে ধরা খেল মি মানিক ফুডস।
গোয়েন্দার দল অভিযানে দেখতে পায়, প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে উত্তরার ভ্যাট কার্যালয়ে কম ভ্যাট পরিশোধ করেছে। গোয়েন্দা দল ওই ফাস্ট ফুড দোকান থেকে তাদের বাণিজ্যিক দলিলাদি ও কম্পিউটারের তথ্য জব্দ করে। চিকেন ফ্রাই, বার্গার, গ্রিল ও অন্যান্য ফাস্ট ফুড বিক্রি করে থাকে মানিক ফুডস। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।






