যুক্তরাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলের হিড়িক: জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের সঙ্গে একের পর এক বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলের হিড়িক শুরু হয়েছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে কানাডা। আগামী ৭২ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কানাডার স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনাভাইরাস শনাক্তের খবর সামনে আসতেই বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর কানাডাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের সঙ্গে প্রথম ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। এর পরেই একই পথে হাঁটতে দেখা গেছে বেলজিয়াম, ইতালি, জার্মানি ও ফ্রান্সকে। তারাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। রোববার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। সড়ক, সমুদ্র , রেল ও আকাশপথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে উল্লেখ করা হয়েছে।

জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্স তাদের সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরপরই এই বৈঠক ডাকা হয়েছে।

রোববার থেকেই যুক্তরাজ্যের ওপর একের ওপর এক নিষেধাজ্ঞা আসতে শুরু করে। ফ্রান্স তাদের সীমান্ত বন্ধ রাখায় ইংল্যান্ডের উপকূলীয় শহর ডোভার থেকে কোনো লরি বা যাত্রীবাহী ফেরি ফ্রান্সের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আগামী ৪৮ ঘণ্টা এ ধরনের পরিবহন বন্ধ থাকছে বলে জানানো হয়েছে।

ফ্রান্স বলছে, যুক্তরাজ্যে সম্প্রতি নতুন প্রজাতির করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল। ইতোমধ্যেই নেদারল্যান্ডস জার্মানি, ইতালি, বেলজিয়াম, আইরিশ প্রজাতন্ত্র, তুরস্ক এবং কানাডা যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে। সুইজারল্যান্ডও এই তালিকায় রয়েছে। অপরদিকে হংকং জানিয়েছে, সোমবার রাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল হচ্ছে।