ভারতের ৯৬ বছরের পুরোনো লজ্জা

পৃথ্বী শ কাল যখন ৪ রান করে আউট হয়ে ফিরছিলেন, তখনো ভারতের কোনো সমর্থক দুঃস্বপ্নেও এমন কিছু কল্পনা করেছিলেন?

আজ ব্যাটিংয়ে কী কী করবেন, তেমন পরিকল্পনা নিয়েই হয়তো বিরাট কোহলি কিংবা চেতেশ্বর পূজারারা যখন গতকাল রাতে ঘুমাতে গিয়েছিলেন, একবারও কি তাঁদের কল্পনায় এসেছিল এমন কিছু হতে পারে।

কল্পনার অতীত ব্যাপারটাই আজ ঘটে গেল অ্যাডিলেডে। ঠিক দশ উইকেটই পড়েনি ভারতের, শেষ ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হওয়ায় ইনিংস গুটিয়ে গেছে আগেই। তবে ৩৬ রানেই ইনিংসটা গুটিয়ে গেছে ভারতের। টেস্ট ইতিহাসের না হলেও ভারতের নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটি। তাতে ভারতের বাড়তি লজ্জা, ইনিংসে একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের দেখা পাননি!

১১ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছানোর আগেই আউট হয়ে গেছেন, এমনটা এ নিয়ে দ্বিতীয়বার দেখল টেস্ট ক্রিকেট। আগেরটি ৯৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯২৪ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান আউট হয়েছিলেন এক অঙ্কে।

আগের দিন পৃথ্বী শ ৪ রান করে আউট হয়েছিলেন। মায়াঙ্ক আগারওয়াল ৫ রান নিয়ে ও নাইটওয়াচম্যান যশপ্রীত বুমরা ০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। কিন্তু আজ তৃতীয় দিনের দ্বিতীয় ওভারের শেষ বল থেকে ভারতের মড়ক লাগা শুরু।

কাল ১ উইকেটে ৯ রান নিয়ে দিন শেষ করেছিল ভারত, আজ স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ফেরেন বুমরা। ব্যক্তিগত ২ রানে।

স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই এরপর ফেরেন চেতেশ্বর পূজারা (০), মায়াঙ্ক আগারওয়াল (৯) ও অজিঙ্কা রাহানে (০)। এক ধাক্কায় ১৫ রানে ৫ উইকেট নেই ভারতের।

ভরসা হবেন কোহলি—এমনটা যাঁরা ভেবেছিলেন, তাঁদের ভাবনার দুয়ারে বাস্তবতার কঠোর আঘাত এল কিছুক্ষণ পর। প্যাট কামিন্সের বলে আউট কোহলি, ভারতের রান তখন ১৯, কোহলি আউট হলেন ৪ রান করে।