২০২০ সালে বাংলাদেশের এমনিতেও খুব কম ওয়ানডে খেলার কথা ছিল। জিম্বাবুয়ের সঙ্গে তড়িঘড়ি করে আয়োজিত তিন ওয়ানডে ছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে একটি সিরিজ ছিল বাংলাদেশের। কিন্তু বৈশ্বিক মহামারি সে সিরিজটাও হতে দেয়নি। বছরটা তাই মাত্র ৩ ওয়ানডে খেলেই শেষ করছে বাংলাদেশ দল। তবে মজার ব্যাপার হলো, মাত্র এই তিন ওয়ানডে খেলেই এ বছরের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস!করোনাভাইরাস শুধু বাংলাদেশ নয়, সব দলের সূচিতেই প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক সূচিতে এ বছর আর কোনো ওয়ানডে খেলবে না কোনো দল। তাই এখনই এ বছর ওয়ানডের সেরাদের তালিকা টেনে ফেলা যাচ্ছে। খেলার হিসাব টানলে দেখা যাচ্ছে, এক অস্ট্রেলিয়া ছাড়া কোনো দলের ম্যাচ সংখ্যাই দুই অঙ্কে যেতে পারেনি। এবার পারফরম্যান্সের সীমাটাও তাই বেশ কম ছিল। ওয়ানডের বর্ষসেরা ব্যাটসম্যানদের মধ্যে যেমন তিন ওয়ানডে খেলেই জায়গা পেয়ে যাচ্ছেন তামিম ও লিটন।






