বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের এখন দুই শত্রু। এক শত্রু হচ্ছে করোনাভাইরাস, যা আমাদের সমগ্র জাতি শুধু নয়, বিশ্বকে বিপদগ্রস্ত করেছে। আর অন্য শত্রু হচ্ছে আওয়ামী লীগ সরকার। যারা বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে পীরগঞ্জ উপজেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতা দানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে একটি একটি করে আইন তৈরি করে সংবিধানকে পরিবর্তন করেছে। দেশের মানুষের পছন্দের তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা চালু করেছে। প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রে যতগুলো প্রতিষ্ঠান আছে, তাদের সবাইকে বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে শুরু করেছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ সুখে নেই। খরচ বেড়ে যাওয়ার কারণে ফসলের উৎপাদন খরচ ওঠে না। নামমাত্র দাম বেড়েছে। করোনাকালে মানুষ যে কী কষ্টে আছে, তার প্রতি সরকারের নজর নেই।
কর্মিসভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমিন, আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, জিল্লুর রহমান প্রমুখ।






