তাপমাত্রা–নিয়ন্ত্রিত কার্গো উড়োজাহাজে করে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করবে চীন

চীনের উহান শহরে গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ভাইরাসের উৎস হিসেবে চীনের বিরুদ্ধে অভিযোগও রয়েছে বিস্তার। সেই চীন এখন বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি টিকা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে চীনা টিকা সরবরাহের সে প্রস্তুতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, দক্ষিণ চীনের শেনঝেন আন্তর্জাতিক বিমানবন্দরে ধূসর গুদামের অভ্যন্তরে একটি সারি সাদা চেম্বার চোখে পড়ে। বিশেষভাবে ঘিরে রাখা এসব চেম্বারের বাইরে লাগানো রয়েছে ডিসপ্লে স্ক্রিন। তাতে চেম্বারের ভেতরকার বিশেষ তাপমাত্রা প্রদর্শন করছে। এর সামনেই মুখে মাস্ক, সার্জিক্যাল গাউন ও রাবারের দস্তানা পরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। এ এলাকায় কাউকে ঢুকতে হলে ১৪ দিনের কোয়ারেন্টিন বা আপাদমস্তক ঢাকা স্যুট পরা বাধ্যতামূলক। বিশেষ তাপমাত্রায় নিয়ন্ত্রিত ৩৫০ বর্গমিটার এলাকাজুড়ে থাকা চেম্বারগুলো শিগগিরই ভর্তি হবে চীনা কোম্পানির তৈরি করোনার টিকায়। বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রকেরা টিকার অনুমোদন দিলেই তা সরবরাহ করার জন্য প্রস্তুত চীন। এ গুদাম থেকেই তাপমাত্রা–নিয়ন্ত্রিত কার্গো উড়োজাহাজে করে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করবে চীন।