বিএনপির প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সিরাজগঞ্জ শহরে সংবাদ সম্মেলন করে দলটির প্রার্থী মো. সেলিম রেজা এ দাবি করেন।

বেলা ১১টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান তালুকদারের বাসভবন চত্বরে ওই সংবাদ সম্মেলন হয়। এতে দলটির প্রার্থী সেলিম রেজা লিখিত বক্তব্য পড়ে শোনান।লিখিত বক্তব্যে বিএনপির প্রার্থী বলেন, ‘গত ২৩ অক্টোবর নির্বাচনী প্রতীক ধানের শীষ পাওয়ার পর আমি কাজীপুরে বাড়িতে অবস্থান নিই। তখন থেকে ২৬ অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আমাকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী রুহুল কুদ্দুস তালুকদার প্রধান নির্বাচন কমিশনারকে জানান। ২৭ অক্টোবর থেকে আমি প্রচারণায় বের হই। কিন্তু সব জায়গাতেই আমি আওয়ামী লীগের লোকজনের দ্বারা বাধাগ্রস্ত হই। এসব বিষয় জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েও লাভ হয়নি।’