মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। এতে কপাল খুলে গেছে তাদের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় করেছে স্যামসাং ইলেকট্রনিকস। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় ৫ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি থেকে আয় ৫০ শতাংশ বেড়েছে। তাদের মাইক্রোচিপ থেকে আসা মুনাফা বেড়েছে ৮২ শতাংশ পর্যন্ত। স্যামসাং জানিয়েছে, তাদের তৃতীয় প্রান্তিকে মোট মুনাফা ৮৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি।
হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ায় স্যামসাং মোবাইল ও চিপ ব্যবসা আরও বেড়ে গেছে। এতে হুয়াওয়ের বাজার দখল করে নিয়েছে প্রতিষ্ঠানটি। গত আগস্ট মাসে মার্কিন বাণিজ্য বিভাগ বলেছিল, কোনো কোম্পানি যদি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স ছাড়া হুয়াওয়ের কাছে চিপ বিক্রি করে তবে তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হবে।
জাতীয় নিরাপত্তার কথা বলে ট্রাম্প প্রশাসন একাধিক চীনা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে স্যামসাংয়ের প্রিমিয়াম টিভির চাহিদাও বেড়ে গেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোচিপ শিল্পে ব্যাপক রদবদল সত্ত্বেও স্যামসাংয়ের প্রবৃদ্ধি লক্ষ করার মতো। সম্প্রতি মার্কিন চিপনির্মাতা এএমডি তাদের প্রতিদ্বন্দ্বী জিলিংক্সকে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এনভিডিয়াও ব্রিটিশ মোবাইল চিপনির্মাতা এআরএমকে চার হাজার কোটি ডলারে কেনার প্রক্রিয়া শুরু করেছে।






