কেমন হবে এল ক্লাসিকোতে বার্সেলোনার একাদশ?

এই মৌসুমে বার্সেলোনার শুরুটা যে একদম দুর্দান্ত হয়েছে, বলা যাবে না। সেভিয়ার সঙ্গে ড্র, হেতাফের সঙ্গে পরাজয়—বার্সা মাঝেমধ্যেই খোঁড়াচ্ছে। তবে নতুন রোনাল্ড কোমান যে মেসি-ফাতিদের নিয়ে নতুন কিছু করতে চাইছেন, সেটা বোঝা যাচ্ছে বেশ। দলের অধিকাংশ খেলোয়াড়ের কাছ থেকে সর্বোচ্চ উপযোগিতা পাওয়ার জন্য তাঁর উদ্যোগটা চোখে পড়ছে। সে উদ্যোগের পথে সবচেয়ে বড় পরীক্ষা দিতে নিজেদের মাঠে আজকেই নামবে কাতালানরা; বাংলাদেশ সময় রাত আটটায়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এল ক্লাসিকো জ্বরে তাই কাঁপছেন ফুটবলপ্রেমীরা।

কোমানের নিজেরও কি খানিক অস্থির-অস্থির লাগছে না? লাগাই স্বাভাবিক। ১৯৯৫ সালে খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়ার পর একটা স্বপ্নই মনে পুষে রেখেছিলেন, একদিন বার্সার কোচ হবেন। সে সুযোগ এল, তাও অনেক অস্থির সময়ে। হাজারো ঝড়-ঝাপটায় বার্সার যখন টালমাটাল অবস্থা। এই অবস্থায় দলকে স্থিতিশীল করা, স্থিতিশীল করার মাধ্যমে নিজের চাকরি পাকা করার ব্যবস্থা করা— কোমানের মাথায় চিন্তা অনেক। আর আজকের ম্যাচ শেষে সে চিন্তা হয় বাড়বে, নয়তো কমবে। চিন্তা যাতে কমে, সে লক্ষ্যে দরকার সুনিশ্চিত পরিকল্পনা। সে পরিকল্পনাটা কেমন হতে পারে কোমানের?